মসজিদ পরিচালনার নীতিমালা
সমস্ত প্রশংসা আল্লাহ তা’আলার জন্য। দরূদ ও সালাম বর্ষিত হোক মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর প্রতি।
মসজিদ আল্লাহ তা’আলার পবিত্র ঘর এবং মুসলিম সমাজের ঈমান, ইবাদত, শিক্ষা, দাওয়াত, ভ্রাতৃত্ব ও সামাজিক কল্যাণের প্রাণকেন্দ্র। একটি আদর্শ ইসলামী সমাজ প্রতিষ্ঠায় মসজিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মসজিদের সকল কার্যক্রম কুরআন, সহীহ সুন্নাহ ও ইসলামী শরীয়তের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হওয়া অপরিহার্য।
এই লক্ষ্যকে সামনে রেখে মসজিদের সুষ্ঠু, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও শূরা-ভিত্তিক পরিচালনা নিশ্চিত করার উদ্দেশ্যে এই "মসজিদ পরিচালনা নীতিমালা" প্রণয়ন করা হয়েছে। এর মাধ্যমে মসজিদের মর্যাদা সংরক্ষণ, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং দ্বীনি ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রমকে সুসংগঠিতভাবে পরিচালনার জন্য একটি কার্যকর দিকনির্দেশনা প্রদান করা হবে, ইনশাআল্লাহ।
মসজিদের সকল কার্যক্রম আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কুরআন, সহীহ সুন্নাহ ও ইসলামী শরীয়তের আলোকে পরিচালিত হবে। মসজিদের পবিত্রতা, ঐক্য, শৃঙ্খলা ও মর্যাদা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে সংরক্ষণ করা হবে।
পরিচালনার মূলনীতি সমূহ
পরিচালনার ক্ষেত্রে নিম্নলিখিত মূলনীতি অনুসরণ করা হবে—
- কুরআন ও সুন্নাহ হবে সকল আলোচনার সর্বোচ্চ ভিত্তি।
- সকল সিদ্ধান্ত শূরা বা পারস্পরিক পরামর্শের মাধ্যমে গ্রহণ করা হবে।
- ন্যায়, আমানতদারিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
- মসজিদের অর্থ, সম্পদ ও সম্পত্তি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সংরক্ষণ ও পরিচালনা করা হবে।
- ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি ও সকল সেবাদানকারীর মর্যাদা ও অধিকার সংরক্ষণ করা হবে।
- মতভেদ দেখা দিলে কুরআন, সুন্নাহ এবং নির্ভরযোগ্য আলেমদের পরামর্শ অনুযায়ী সমাধানের চেষ্টা করা হবে।
- মসজিদকে ইবাদত, দ্বীনি শিক্ষা, দাওয়াত ও সমাজকল্যাণের কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।
সদস্যতার আচরণবিধি
মসজিদের সুষ্ঠু পরিচালনার জন্য সমস্ত সদস্যগণের মধ্যে নিম্নলিখিত গুণাবলী বর্তমান থাকা প্রয়োজন—
- বিশুদ্ধ আকিদা ও সুন্নাহসম্মত আমলের অনুসারী হতে হবে।
- সালাত আদায়ে যত্নশীল ও মসজিদমুখী হতে হবে।
- সততা, ন্যায়পরায়নতা এবং আমানতদারিতার গুণ থাকা।
- ধৈর্যশীল, সহনশীল এবং শূরা-পরামর্শ গ্রহণে আগ্রহী।
- ইসলামের মৌলিক বিধি-বিধান সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান থাকা।
- মসজিদ পরিচালনার জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা, বিচক্ষণতা ও দক্ষতা থাকতে হবে।
- কবিরা গুনাহ থেকে মুক্ত হওয়া। (যেমন— শিরক, সালাত ত্যাগ, জিনা, হত্যা, সুদ ও ঘুষ লেনদেন, মাদকাসক্তি, মিথ্যা সাক্ষ্য, গীবত, মানুষের হক নষ্ট করা ইত্যাদি।)
- মানুষের কাছে ভালো আচরণের অধিকারী হিসেবে পরিচিত হতে হবে।
কমিটির গঠন ও দায়িত্বসমূহ
মসজিদের সার্বিক কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও শরীয়তসম্মতভাবে পরিচালনার লক্ষ্যে একটি যোগ্য, আমানতদার ও পরামর্শভিত্তিক পরিচালনা কমিটি গঠন করা হবে। কমিটির সদস্যগণ পারস্পরিক সহযোগিতা, শূরা (পরামর্শ) এবং জবাবদিহিতার ভিত্তিতে তাদের দায়িত্ব পালন করবেন।
১. সভাপতি : কমিটির সার্বিক তত্ত্বাবধান, সভায় সভাপতিত্ব, নীতিগত দিকনির্দেশনা প্রদান এবং সকল কার্যক্রমের সমন্বয় সাধন।
২. সহ-সভাপতি : সভাপতিকে সকল কাজে সহযোগিতা করা এবং সভাপতির অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করা।
৩. সম্পাদক : মসজিদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, সভার আয়োজন, সিদ্ধান্ত বাস্তবায়ন এবং কমিটির সকল কার্যক্রমের সমন্বয় করা।
৪. যুগ্ম সম্পাদক : সাধারণ সম্পাদককে সহযোগিতা করা এবং প্রয়োজনে তার দায়িত্ব পালন করা।
৫. কোষাধ্যক্ষ : মসজিদের আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ, অর্থ সংগ্রহ ও ব্যয়ের তদারকি এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা।
৬. ধর্মীয় পরামর্শদাতা : কুরআন ও সুন্নাহর আলোকে ধর্মীয় পরামর্শ প্রদান, শরীয়তসম্মত সিদ্ধান্ত গ্রহণে কমিটিকে সহযোগিতা করা এবং দ্বীনি কার্যক্রমের তত্ত্বাবধান করা।
৭. আহ্বায়ক : কমিটির প্রয়োজনে আলোচনা, পরামর্শ ও সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে সভা আহ্বান করা, সভার সময়, স্থান ও এজেন্ডা নির্ধারণ করা এবং জরুরি প্রয়োজনে বিশেষ সভার উদ্যোগ গ্রহণ করা।
৮. নির্বাহী সদস্যবৃন্দ : কমিটির সভায় অংশগ্রহণ, মতামত প্রদান, গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা এবং মসজিদের সার্বিক উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করা।
সামাজিক ও দ্বীনি কার্যক্রম
মসজিদ হবে ইবাদতের পাশাপাশি দ্বীনি শিক্ষা, সমাজকল্যাণ ও জনসেবার অন্যতম কেন্দ্র। এ লক্ষ্যে মসজিদ কমিটি প্রয়োজন অনুযায়ী পৃথক কার্যনির্বাহী উপ-কমিটি গঠন করতে পারবে। যেমন—
- মক্তব ও মাদ্রাসা পরিচালন কমিটি : কুরআন শিক্ষা, দ্বীনি শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনের কার্যক্রম পরিচালনা।
- মীমাংসা বা সমন্বয় কমিটি : পারিবারিক ও সামাজিক বিরোধের শরীয়তসম্মত মীমাংসা এবং সমাজে ঐক্য, সম্প্রীতি ও সমন্বয় প্রতিষ্ঠায় কার্যক্রম পরিচালনা।
- কার্যনির্বাহী (অস্থায়ী) কমিটি : বিশেষ প্রয়োজনে, বর্তমান কমিটি অকার্যকর হলে বা নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে মসজিদের কার্যক্রম পরিচালনার জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা যাবে।
- পরামর্শ (শূরা) কমিটি : মসজিদের গুরুত্বপূর্ণ বিষয়ে কুরআন-সুন্নাহর আলোকে পরামর্শ ও দিকনির্দেশনা প্রদানের জন্য আলেম, প্রবীণ ও বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে শূরা কমিটি গঠন করা যাবে।
- দাওয়াহ ও ইসলামী শিক্ষা : ওয়াজ-মাহফিল, ইসলামী আলোচনা, কুরআন তিলাওয়াত ও দ্বীনি প্রশিক্ষণের আয়োজন।
- যুব ও শিশু উন্নয়ন : যুবসমাজ ও শিশু-কিশোরদের জন্য ইসলামী শিক্ষা, নৈতিকতা ও আদর্শ গঠনের কর্মসূচি পরিচালনা।
- জনকল্যাণ ও মানবসেবা : অসহায়, দরিদ্র, রোগী ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা।
- জানাজা ও দাফন-ব্যবস্থাপনা : জানাজা, দাফন ও সংশ্লিষ্ট ধর্মীয় কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান।
- মসজিদ উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ : মসজিদের পরিচ্ছন্নতা, নিরাপত্তা, সৌন্দর্যবর্ধন ও সম্পদ সংরক্ষণে কার্যক্রম পরিচালনা।
আর্থিক ব্যবস্থাপনা
মসজিদের সকল আর্থিক কার্যক্রম স্বচ্ছতা, আমানতদারিতা ও জবাবদিহিতার ভিত্তিতে পরিচালিত হবে। এ লক্ষ্যে নিম্নলিখিত নীতিমালা অনুসরণ করা হবে—
- সকল আয় ও ব্যয়ের লিখিত হিসাব যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।
- সকল অনুদান, আর্থিক সহায়তা ও অন্যান্য অর্থ গ্রহণের ক্ষেত্রে রসিদ প্রদান এবং হিসাবভুক্ত করতে হবে।
- মসজিদের অর্থের উৎস হতে পারে—স্বেচ্ছা দান, মাসিক অনুদান, ওয়াকফ বা মসজিদের সম্পত্তির আয় এবং শরীয়তসম্মত অন্যান্য বৈধ উৎস।
- মসজিদের অর্থ কেবল অনুমোদিত ও কল্যাণমূলক খাতে ব্যয় করা যাবে।
- নির্ধারিত সময়ে হিসাব পর্যালোচনা এবং বছরে অন্তত একবার নিরীক্ষা (অডিট) সম্পন্ন করতে হবে।
- বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ও অডিট প্রতিবেদন মুসল্লিদের অবগতির জন্য জনসম্মুখে উপস্থাপন করতে হবে।
- মসজিদের অর্থ ও সম্পদের অপব্যবহার, আত্মসাৎ বা অনিয়ম কঠোরভাবে নিষিদ্ধ।
সভার আয়োজন ও পরিচালনা
মসজিদের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে নিয়মিত ও প্রয়োজনভিত্তিক সভার আয়োজন করা হবে। প্রতিটি সভায় একজন সভাপতি এবং সঞ্চালক নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে নিম্নলিখিত নীতিমালা অনুসরণ করা হবে—
- প্রয়োজন অনুসারে নিয়মিত ও জরুরি সভা আহ্বান করা যাবে।
- সভার তারিখ, সময়, স্থান ও আলোচ্যসূচি যথাসম্ভব পূর্বেই সদস্যদের অবহিত করতে হবে।
- সকল সিদ্ধান্ত শূরা (পারস্পরিক পরামর্শ) ও সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে গ্রহণ করা হবে।
- প্রতিটি সভার কার্যবিবরণী লিখিতভাবে সংরক্ষণ করতে হবে।
- গৃহীত সিদ্ধান্ত যথাসময়ে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের দায়িত্ব প্রদান করতে হবে।
- সভায় শৃঙ্খলা, পারস্পরিক সম্মান ও ইসলামী আদব বজায় রাখতে হবে।
সাধারণ মৌলিক নীতিমালা
- সকল সদস্য পরস্পরের প্রতি সৌহার্দ্য, সহযোগিতা ও সম্মানজনক আচরণ বজায় রাখবেন।
- মসজিদের সকল কার্যক্রমে প্রবীণ, যুবক, শিক্ষিত ও সমাজসচেতন ব্যক্তিদের গঠনমূলক অংশগ্রহণকে উৎসাহিত করা হবে।
- ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য খাদেমদের যথাযথ সম্মান, সহযোগিতা এবং ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
- মসজিদের পবিত্রতা, পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ সর্বদা বজায় রাখা হবে।
- সকল সিদ্ধান্ত কুরআন, সুন্নাহ ও শূরার (পরামর্শ) ভিত্তিতে গ্রহণ করা হবে।
- ব্যক্তিগত, পারিবারিক, রাজনৈতিক বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে মসজিদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
- মুসল্লিদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে সচেষ্ট থাকতে হবে।
- মসজিদের সম্পদ, আসবাবপত্র ও ওয়াকফ সম্পত্তির যথাযথ সংরক্ষণ ও সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।
- দ্বীনি শিক্ষা, দাওয়াহ ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে সকলের অংশগ্রহণ ও সহযোগিতা বৃদ্ধি করতে হবে।
- মসজিদের উন্নয়ন ও সুষ্ঠু পরিচালনার স্বার্থে এলাকার মুসল্লি ও সাধারণ মানুষের গঠনমূলক মতামত, পরামর্শ, অভিযোগ, প্রস্তাব, জিজ্ঞাসা ও প্রয়োজনীয় অনুসন্ধান যথাযথ গুরুত্বের সঙ্গে গ্রহণ ও বিবেচনা করা হবে। লিখিত পরামর্শের জন্য ‘সাজেশন বক্স’ ব্যবহার করা যেতে পারে।
- মসজিদ, মাদ্রাসা ও অন্যান্য দ্বীনি কার্যক্রমের জন্য সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করে বা বিব্রতকর উপায়ে আর্থিক সহযোগিতা গ্রহণ করা যাবে না; সকল সহযোগিতা স্বেচ্ছায় ও সন্তুষ্টচিত্তে প্রদান করতে হবে।
- মতভেদ বা বিরোধ দেখা দিলে শরীয়তসম্মত ও সৌহার্দ্যপূর্ণ উপায়ে তা নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করতে হবে।
- মসজিদ সকল মুসল্লির জন্য উন্মুক্ত। সুতরাং কুরআন ও সুন্নাহর পরিপন্থী কোনো বিষয় ব্যতীত ইবাদতের পদ্ধতি বা গ্রহণযোগ্য মতপার্থক্যের কারণে কোনো মুসল্লির প্রতি বৈষম্য, অবজ্ঞা বা বিভেদ সৃষ্টি করা যাবে না; বরং পারস্পরিক সম্মান, ভ্রাতৃত্ব ও ইসলামী সৌহার্দ্য বজায় রাখতে হবে।
- কোন সদস্যের মধ্যে নৈতিক অধঃপতন বা কমিটির মৌলিক নীতিমালা বহির্ভূত আচরণ দেখা দিলে কমিটির সংখ্যাগরিষ্ঠ মতামতের মাধ্যমে তাহার সদস্যপদ রহিত করা যাবে।
- মসজিদের মর্যাদা ক্ষুণ্ন হয় বা বিভেদ সৃষ্টি হয়—এমন বক্তব্য, আচরণ বা কর্মকাণ্ড থেকে সকল সদস্য বিরত থাকবেন।
উপসংহার
এই নীতিমালার মূল লক্ষ্য হলো কুরআন, সহীহ সুন্নাহ এবং ইসলামী শরীয়তের আলোকে মসজিদের সকল কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও শূরা-ভিত্তিকভাবে পরিচালনা করা। মসজিদ কেবল ইবাদতের স্থান নয়; বরং দ্বীনি শিক্ষা, দাওয়াত, সমাজকল্যাণ, ঐক্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার অন্যতম কেন্দ্র। তাই মসজিদের সঙ্গে সম্পৃক্ত সকল ব্যক্তি আল্লাহভীতি, সততা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করবেন।
আল্লাহ তাআলা বলেন:
"তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো।" (সূরা আল-মায়িদাহ, ৫:২)
আরও বলেন, "তাদের কার্যাবলি পরস্পরের পরামর্শের ভিত্তিতে পরিচালিত হয়।" (সূরা আশ-শূরা, ৪২:৩৮)
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
"তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।" (সহীহ বুখারী ও সহীহ মুসলিম)
অতএব, এই নীতিমালার যথাযথ অনুসরণ, আন্তরিক বাস্তবায়ন এবং সময়োপযোগী পর্যালোচনার মাধ্যমে মসজিদকে একটি আদর্শ ইসলামী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের সম্মিলিত অঙ্গীকার।
আল্লাহ তাআলা এই নীতিমালা অনুযায়ী মসজিদ পরিচালনা করার তাওফীক দান করুন, সকলের আমল কবুল করুন এবং আমাদের মসজিদকে দ্বীন, তাকওয়া, ঐক্য ও কল্যাণের কেন্দ্র হিসেবে কবুল করুন।
আমীন।







💬 Comment